পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের বাসভবনের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক তিনজন হলেন মো. রবিউল ইসলাম (২৮), আবদুল কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। পরে পুলিশের দায়ের করা একটি মামলায় বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে অনেক সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা সত্য নয় বলে দাবি করেছে পুলিশ। তাদের দাবি, মূলত ঝড়-বৃষ্টির কারণে ওই বাড়ির বাইরে ‘ছিঁড়ে পড়া সার্ভিস লাইনের তার’ খোয়া গেছে। বুধবার বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আবু রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।