ধানখেতে যুবকের লাশ, পাশে পড়েছিল ৩ মোবাইল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে ধানখেত থেকে শাহাদাত হোসেন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কেন্দ্রীয় হাওর এলাকার একটি বিলসংলগ্ন ধানখেতে মরদেহটি পড়েছিল। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

নিহত শাহাদাত হোসেন জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মরদেহের পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট এবং গলায় একটি কালো রঙের ক্রসবেল্ট ব্যাগ ঝুলানো ছিল। ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মাথার সামনে একটি বাঁশের লাঠিও পড়ে থাকতে দেখা যায়। তবে প্রাথমিকভাবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

  • জৈন্তাপুর
  • ধানখেত
  • যুবক
  • লাশ
  • সিলেট
  • #