রাজশাহীগামী ট্রেনে পাথর নিক্ষেপ, শিশুসহ ৬ যাত্রী রক্তাক্ত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

ঢাকা থেকে রাজশাহীগামী ঈদযাত্রার আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় এক শিশুসহ অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পাবনার বড়াল ব্রিজ স্টেশনে প্রবেশের ঠিক আগমুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আহত যাত্রীরা সবাই ট্রেনের ‘ঘ’ বগির যাত্রী ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী যাত্রীদের ভাষ্যমতে, ট্রেনটি বড়াল ব্রিজ স্টেশনে ঢোকার সময় হঠাৎ একটি জানালায় বিকট শব্দে পাথর এসে লাগে। এতে জানালার কাচ ভেঙে কামরার ভেতরে ছিঁটে পড়লে শিশুসহ ছয়জন রক্তাক্ত হন।

আহতদের মধ্যে রয়েছেন— কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুল আউয়াল (২৬), ফার্মাসিস্ট শফিকুল ইসলাম (৪৫), ওষুধ কোম্পানির কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৩০), কাউসার আলী (২৫), জিয়াউর রহমান (৪৫) এবং তিন বছরের শিশু রায়ান।

আহত চিকিৎসক হাবিবুল আউয়াল জানান, পাথরের আঘাতে অনেকেরই প্রচণ্ড রক্তপাত হয়েছে। তারা নিজেরা নানাভাবে সেই রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বিপদের এই মুহূর্তে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি বলে তারা অভিযোগ করেছেন। রেলের কল সেন্টার ১৩১ নম্বরে বারবার কল করলেও কেউ রিসিভ করেনি এবং টিকিটে দেওয়া হটলাইন নম্বর থেকেও কোনো সাড়া মেলেনি। এমনকি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা হলে সেখান থেকেও রেলের নির্দিষ্ট নম্বরেই যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

যাত্রীদের অভিযোগ, ট্রেনের ক্যাটারিং সার্ভিসের কর্মীর মাধ্যমে রেলওয়ে পুলিশ ও গার্ডকে জানানোর অনুরোধ করা হলেও প্রায় ২০ মিনিট পর মাত্র একজন পুলিশ সদস্য এসে দায়িত্ব এড়িয়ে চলে যান।

যাত্রীদের অভিযোগ, ট্রেনের ক্যাটারিং সার্ভিসের কর্মীর মাধ্যমে রেলওয়ে পুলিশ ও গার্ডকে জানানোর অনুরোধ করা হলেও প্রায় ২০ মিনিট পর মাত্র একজন পুলিশ সদস্য এসে দায়িত্ব এড়িয়ে চলে যান।

ট্রেনের পরিচালক (গার্ড) মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ট্রেন রাজশাহী স্টেশনে পৌঁছানো পর্যন্ত পাথর নিক্ষেপের বিষয়ে তাকে কেউ অবহিত করেননি।

  • ট্রেন
  • নিক্ষেপ
  • পাথর
  • যাত্রী
  • রক্তাক্ত
  • রাজশাহীগামী
  • শিশু
  • #