জাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে শেরে-ই-বাংলা হলের ৪১৩ নম্বর কক্ষে নিহত ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী স্বপ্ন জানান, সকাল থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে আনুমানিক বেলা ২টার দিকে তার কক্ষের দরজায় নক করা হলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর তিনি একজনকে সঙ্গে নিয়ে জানালার কাচ ভেঙে ভেতরে তাকালে কনিস্ককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. নজরুল ইসলাম বলেন, আমরা আনুমানিক বেলা ২টা ২০ মিনিটের দিকে ঘটনাটি সম্পর্কে জানতে পারি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে অবহিত করে। এরপর হলে এসে তার কক্ষ তালাবদ্ধ অবস্থায় এবং ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরে হল প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে পুলিশের সহায়তায় লাশটি নিচে নামানো হয়।

মো. নজরুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে মেডিকেল কর্মকর্তা ও পুলিশের প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের পর আশুলিয়া থানার উপপুলিশ পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক ধারণা অনুযায়ী, আনুমানিক ১০-১২ ঘণ্টা আগে ঘটনাটি ঘটতে পারে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

  • উদ্ধার
  • জাবি
  • ঝুলন্ত
  • লাশ
  • শিক্ষার্থী
  • হল
  • #