সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ময়মনসিংহের তারাকান্দায় শনিবার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একই পরিবারের আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২০) এবং তার ৮ বছর বয়সী শিশু রীতি আক্তার। তারা দুজনেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে নেত্রকোনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি তারাকান্দা উপজেলার খিঁচা বান্ডারির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই রুবেল মিয়া প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রীতি আক্তারকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর শিশু রীতির মৃত্যু হয়। বর্তমানে আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নিহত রুবেল মিয়ার মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
  • নিহত
  • শিশু
  • সংঘংর্ষ
  • সিএনজি-মোটরসাইকেল
  • #