প্রতীকী ছবি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে পাশে মাছের ঘেরে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু দুটি।
মৃত শিশুরা হলো উপজেলার পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০) ও পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। জাকারিয়া স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং জান্নাতুল স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
সন্ন্যাসীর চক গ্রামের আবদুল আজিজ বলেন, ঈদ উপলক্ষে গত রোববার সকালে তার ভাগনে জাকারিয়া ও ভাগনি জান্নাতুল বেড়াতে আসে। সোমবার তারা বাড়ির পাশে খেলতে যায়। পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পর বাড়ির পাশের মাছের ঘেরের পানিতে দুজনের নিথর দেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বেলা আড়াইটার দিকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।