ছবি : হাসপাতালে মৃত শিশুদের স্বজনদের আহাজারি
বরিশালের গৌরনদীতে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেছে দুই ভাইয়ের। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রমজান বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে ও মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। নিহতরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। তাদের বয়স তিন বছর।
স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, গৌরনদীর পূর্বডুমুরিয়ার এলাকার নানা দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। আজ মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাশের মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালে আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।