মানহানির মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত এই আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মানহানির মামলায় তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। অন্যদিকে, মামলার অপর দুই আসামি রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককে গত ২১ জানুয়ারি এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। শুনানিতে তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে আদালতে এই মানহানি মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। এর আগে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না; তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন।’

এছাড়া ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক দুটি অনুষ্ঠানে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও বিরূপ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে।

 

  • ইনু
  • জামিন
  • মানহানি
  • মানিক
  • মামলা
  • মেনন
  • #