নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
ছবি : ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন, তা অবিলম্বে কার্যকর হবে।

রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

এর আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। পদত্যাগ করে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ নেন। এমপি নির্বাচনের পর সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হন আসাদুজ্জামান।

  • অ্যাটর্নি জেনারেল
  • রুহুল কুদ্দুস কাজল
  • #