প্রতীকী ছবি
মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে তাদের মধ্যে বিয়ে ঠিক হয়েছিল। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কালীগঙ্গা নদীর বালিরটেক খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার আলীর ছেলে আকাশ মিয়া (২০) ও বড়ইপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া আক্তার (১৫)। নিহত আকাশ মিয়া স্থানীয় বলড়া বাজারে ফার্নিচারের দোকানে কাজ করতেন। সাদিয়া আক্তার ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করত।
নিহত আকাশের বাবা আজহার আলী জানান, সকালে ছেলে আকাশ ও ভাতিজি সাদিয়া বালিরটেক খেয়াঘাট এলাকার কালীগঙ্গা নদীতে গোসল করতে যায়। কিন্তু সাদিয়া সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আকাশও পানিতে ডুবে যায়। স্থানীয় জেলেরা মাছ ধরার জাল দিয়ে সাদিয়া ও আকাশকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক জানান তারা মারা গেছে।
পারিবারিকভাবে আকাশ ও সাদিয়ার বিয়ে ঠিক হয়েছিল জানিয়ে আজহার আলী বলেন, ভাতিজি ও ছেলের হবু বউ হিসেবে সাদিয়া ঈদের দ্বিতীয় দিন ঢাকা থেকে আমাদের বাড়ি বেড়াতে এসেছিল।
স্থানীয় বলড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসনেয়ারা জানান, বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এমন মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।