যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, যুদ্ধ বন্ধে দিলো ৫ শর্ত

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। বুধবার ইরানের জ্যেষ্ঠ এক রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করার সুযোগ দেবে না ইরান। ইরান যখন মনে করবে এবং তার নিজস্ব শর্তগুলো যখন পূরণ হবে, তখনই এই যুদ্ধ শেষ হবে।

ইরানি ওই কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার চেষ্টা করছে। তবে তেহরানের দৃষ্টিতে এসব প্রস্তাব ‘অযৌক্তিক’ এবং যুদ্ধক্ষেত্রে আমেরিকার পরাজয়ের বাস্তবতাকে আড়াল করার চেষ্টা মাত্র। ২০২৫ সালের বসন্ত ও শীতকালে অনুষ্ঠিত দুই দফার আলোচনার কথা জানিয়ে সেগুলোকে মার্কিন ‘প্রতারণা’ বলে আখ্যা দেন তিনি।

যুদ্ধ অবসানে ইরানের পাঁচ শর্ত- এক. শত্রুপক্ষকে ‌‘আগ্রাসন ও গুপ্তহত্যা’ পুরোপুরি বন্ধ করতে হবে। দুই. ইসলমি প্রজাতন্ত্র ইরানের ওপর যাতে পুনরায় যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তিন. যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্টভাবে নির্ধারিত ক্ষতিপূরণ প্রদানের নিশ্চয়তা দিতে হবে। চার. অঞ্চলের সব ফ্রন্টে এবং লড়াইয়ে যুক্ত থাকা সব প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটাতে হবে। পাঁচ. হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের চর্চাকে স্বাভাবিক ও আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে; যা অন্য পক্ষের প্রতিশ্রুতি পালনের নিশ্চয়তা হিসেবে কাজ করবে।

ওই কর্মকর্তা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলা শুরুর কয়েক দিন আগে জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার আলোচনায় দেওয়া তেহরানের সব দাবির সঙ্গে এসব শর্ত যুক্ত হবে। সব শর্ত মেনে নেওয়া হলেই কেবল যুদ্ধবিরতি সম্ভব বলে ইরান সব মধ্যস্থতাকারীকে জানিয়ে দিয়েছে।

  • ইরান
  • প্রত্যাখ্যান
  • প্রস্তাব
  • যুক্তরাষ্ট্র
  • শর্ত
  • #