তিন সন্তানসহ আওয়ামী লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এসময় ওই নারীর সঙ্গে তার তিন সন্তানও ছিল।
আটক নারীর নাম মোসা. তাহমিনা আক্তার। তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
পুলিশ হেফাজতে থাকাকালীন ওই নারী জানান, ইতোপূর্বে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন তিনি। বর্তমানে কিছু করছেন না। ৫ই আগস্টের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসাবে আওয়ামী লীগের রাজনীতি করছেন।
তিনি আরও জানান, আজ সকালে বাসে তিন সন্তান নিয়ে একাই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। এছাড়াও স্বেচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছিলেন বলেও উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান।
ওই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ওই নারী আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে এসেছিলেন, এসময় তার কাছে একটি লিফলেটও ছিল আওয়ামী লীগের নামে। এছাড়াও স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এসময় আটক নারীর সাথে থাকা শিশুদের বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, শিশুদের আটক করা হয়নি।