সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দেলোয়ার হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, সন্দিগ্ধ আসামি মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি শেখ মামুন খালেদকে নিবিড়ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন ও নজরুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ভিকটিম দেলোয়ার হোসেন (৪০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার সাথে ঢাকার মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। এ সময় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা শান্তিপূর্ণ আন্দোলন দমন-নিপীড়নের জন্য দেশীয় অস্ত্রসহ বিদেশি আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গ্রেপ্তার সন্দিগ্ধ আসামি শেখ মামুন খালেদের নির্দেশে ঘটনাস্থলের বিভিন্ন দিক থেকে নির্বিচারে গুলি চালায়। এর ফলে ভিকটিম দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে দেলোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • মামুন খালেদ
  • রিমান্ড
  • সাবেক ডিজিএফআই প্রধান
  • #