কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টারলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারটিতে চালকসহ মোট ৬ জন ছিলেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জামাল হোসেন (৫২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্য যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন আব্দুল মমিন (৫০), ঝর্না বেগম (৪০), সাইফ (৭) ও লাবিবা (১৮)। তারা সবাই একই পরিবারের সদস্য এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের বাসিন্দা।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।