সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল-স্লোগান, আওয়ামীপন্থি ২ আইনজীবী গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু (বাঁয়ে) ও অ্যাড. শামীম আহমদ (সংগৃহীত ছবি)

সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু এবং আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর শহরের পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অ্যাড. মিন্টু সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা। সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা। অ্যাড. শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা। তার বাড়ি শহরতলির মঙ্গলকাটা এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে জেলা কালেক্টরেট এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে আদালত চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু এবং অ্যাড. শামীম আহমদসহ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির কয়েক ঘণ্টার ব্যবধানের সন্ধ্যার পর ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও আইনজীবী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, একটি পুরাতন মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

  • আইনজীবী
  • আওয়ামীপন্থি
  • গ্রেপ্তার
  • মিছিল
  • সুনামগঞ্জ
  • স্মৃতিসৌধ
  • স্লোগান
  • #