প্রতীকী ছবি
নেত্রকোনার মদন উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওরের বোরো ধানের জমিতে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরের একটি বন্ধক জমিতে বোরো ধান আবাদ করেছিলেন বাচ্চু তালুকদার। আর কিছুদিন পরই ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি ছিল তার। তবে গত কয়েকদিন ধরে মাখনা গ্রামের লোকজনের গরু তার জমির ধান খেয়ে ক্ষতিগ্রস্ত করছিল। এ বিষয়ে তিনি একাধিকবার সংশ্লিষ্টদের জানালেও কোনো সমাধান হয়নি।
বৃহস্পতিবার বিকেলে জমিতে গিয়ে তিনি দেখেন, গরু ধান খেয়ে জমি তছনছ করে ফেলেছে। এ সময় তিনি প্রতিবাদ করলে মাখনা গ্রামের করিল ইসলামসহ কয়েকজন সেখানে এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা বাচ্চু তালুকদারের ওপর হামলা চালিয়ে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।