প্রতীকী ছবি
খুলনার দিঘলিয়ায় ছিনতাইয়ের চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে সহযোগীদের ছোড়া গুলিতে সাগর নামের এক ছিনতাইকারী নিহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ৩টার দিকে উপজেলার দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর দিঘলিয়ার দেয়াড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ছিনতাইকারীদের কবলে পড়া ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮) আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী তাহিদুল বাধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই সহযোগী সাগরের গায়ে লাগে।
সহকর্মীকে গুলিবিদ্ধ হতে দেখে অন্য ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দিঘলিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং পালিয়ে যাওয়া অন্য ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।