ময়মনসিংহে রিকশাচালককে ঘরে আটকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব বিরোধের জেরে এক রিকশাচালককে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন।

নিহত ৩০ বছর বয়সী আলম মিয়া উপজেলার পড়শীপাড়া গ্রামের সহরুদ্দিনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।  এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন আব্দুল কাদের (৫৫), মোহাম্মদ মাজাহারুল (৩০) ও মোহাম্মদ ইমরান ইসলাম (২৫)।

পুলিশ বলছে, উপজেলার গফরগাঁও ইউনিয়নের পড়শীপাড়া গ্রামের বাসিন্দা আলম মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী আমান মিয়া ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ চলমান ছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে আমানের মা আসিয়া বেগমকে মাথায় আঘাত করেন আলম। এ ঘটনার পর আমান ও তার পরিবারের সদস্যরা আলমকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রেখে বেদড়ক মারধর করে। এর ফলে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। আলমের মৃত্যুর পর তার মরদেহ বাড়ির উঠানে ফেলে রেখে বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায় সবাই। পরে এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে রাতেই গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন বলেন, পূর্ব বিরোধের জের ধরে বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে ঘরে আটকে পিটিয়ে হত্যা করা হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

  • গ্রেপ্তার
  • ময়মনসিংহ
  • রিকশাচালক
  • হত্যা
  • #