ঈদযাত্রায় গত ১০ দিন গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। এদিকে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় শুক্রবার (২৭ মার্চ) ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
সংগঠনটি তথ্যমতে, গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সারাদেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭৪ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের থেকে বেশি বলেও জানিয়েছে সংগঠনটি। তাদের তথ্যমতে, গত বছর ঈদুল ফিতরের সময় ১১ দিনে সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, এবারের ঈদযাত্রা শেষ হবে ২৮ মার্চ। এরপর সংগঠনটি পক্ষ থেকে ঈদযাত্রার দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
এবারের ফিরতি ঈদযাত্রায় ২৬ মার্চ কুমিল্লায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন এবং ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ২৬ জন নিহত হয়েছেন। এর আগে গত ২১ মার্চ ঈদের দিন দিবাগত রাতে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন।