সেনাবাহিনী ভেঙে পড়ার মুখে, ইসরায়েলি সেনাপ্রধানের সতর্কবার্তা

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের চাপে সেনাবাহিনী ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও হিজবুল্লাহসহ একাধিক ফ্রন্টে যুদ্ধের প্রচণ্ড চাপে ইসরায়েলি সেনাবাহিনী পতনের দিকে এগিয়ে যাচ্ছে।

ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে জামির বলেন, ‘সামরিক বাহিনী গভীর অভ্যন্তরীণ সংকটের মোকাবিলা করছে, যার প্রধান কারণ চরম জনবলসংকট।’

প্রতিবেদনে বলা হয়েছে, জামির হুঁশিয়ারি দিয়ে বলেন, রিজার্ভ বাহিনী আর এই চাপ সহ্য করতে পারবে না। কট্টর অর্থোডক্স বা ‘হারেদি’ ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক চাকরির মেয়াদ বাড়ানোর মতো কাঠামোগত সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হওয়ায় তিনি সরকারের কঠোর সমালোচনাও করেন। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জামির বলেন, আমি ১০টি লাল পতাকা (সতর্কসংকেত) দেখাচ্ছি।

ইসরায়েলি সেনাপ্রধান জানান, গাজা, লেবানন, সিরিয়া এবং পশ্চিম তীরসহ একাধিক সক্রিয় ফ্রন্টে সেনাবাহিনী কাজ করছে। এসব ফ্রন্টে দিন দিন সেনাসদস্যের প্রয়োজনীয়তা বাড়ছে।

ইয়াল জামির আরও সতর্ক করেন, পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ায় সেখানে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়েছে। এটি আগে থেকেই চাপে থাকা সেনাদের ওপর বাড়তি ধকল তৈরি করছে।

ইসরায়েলি সেনাপ্রধান জানান, এই চাপ অব্যাহত থাকলে সেনাবাহিনী এমনকি স্বাভাবিক পরিস্থিতিতেও নিজেদের মিশনগুলো সম্পন্ন করতে পারবে না। এটি ইসরায়েলের সামরিক সক্ষমতায় বড় ধরনের ধস নামাতে পারে বলে সতর্ক করেন তিনি।

  • ইসরায়েলি
  • সতর্কবার্তা
  • সেনাপ্রধান
  • #