ভারত থেকে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান। শনিবার গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

বিপিসি চেয়ারম্যান বলেন, ‘ভারতের নুমালীগড়ে পাইপে প্রেস করা শুরু হয়েছে। আগামী ২৯ মার্চ ভারত থেকে ৭ হাজার টন ডিজেল আসবে পাইপলাইনে।’

এর আগে গত শুক্রবার সকালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল। গত ২৪ মার্চ ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ৫ হাজার টন ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে ডিজেল পৌঁছায়। এই জ্বালানি তেল পাইপলাইন থেকে পৌঁছানোর পর পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানিতে সরবরাহ করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী, উত্তরাঞ্চলের কৃষিনির্ভর আট জেলায় চাষাবাদের সেচ এবং যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখার জন্য পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিশ্চিত করা হয়।

চলতি বছরের জন্য ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী চার মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে প্রস্তাব দিয়েছে বিপিসি।

  • ডিজেল
  • ভারত
  • #