সাবেক সেনা কর্মকর্তা মাসুদ ও খালেদকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ এপ্রিল তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

এর আগে আজ প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) জানায়, জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং গুমের অভিযোগে শেখ মামুন খালেদকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর পৃথক আবেদন করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে তার ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে পল্টন থানার মানবপাচারসংক্রান্ত একটি মামলায় গত মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গত বুধবার গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার জুলাই গণ-অভ্যুত্থানকালের একটি হত্যা মামলায় পরদিন বৃহস্পতিবার তfর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ডিবি হেফাজতে তাকেও জিজ্ঞাসাবাদ চলছে।

  • ট্রাইব্যুনাল
  • সাবেক সেনা কর্মকর্তা
  • হাজির
  • #