নোয়াখালীর কবিরহাটে নিখোঁজ হওয়ার দুই দিন পর ডোবা থেকে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের কার্যালয়সংলগ্ন ডোবার পানিতে লাশটি ভেসে ওঠে।
নিহত সোহেল রানা (২৪) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত শ্রমিকের বাবা অলি উদ্দিন জানান, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটার কাজে যাননি। বিকালে তাকে জোরপূর্বক ইটভাটাটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। এ সময় সোহেল রানার সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একই দিন সন্ধ্যার পর থেকে সোহেল রানা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মৃত ব্যক্তি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরিকালে ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।
ওসি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে।