নোয়াখালীতে যুবককে আটকে রেখে কুপিয়ে-পিটিয়ে খুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নোয়াখালী সদরে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে আটকে রেখে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।রোববার সকাল থেকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা এলাকায় যুবককে নির্যাতন করা হয়। পরে সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি মারা যান বলে সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানান। নিহত মো. নিরব (২৬) পূর্ব মাইজচরা এলাকার গণি মাঝির ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মাদক সেবনকে কেন্দ্র করে নিরবের সঙ্গে একই এলাকার রুবেল মাঝির (২৯) বাগবিতণ্ডা হয়। সকাল ১০টায় নিরব এলাকার রাশেদ ও সোহাগ নামে দুই যুবককে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। এ সময় রুবেল মাঝিকে উদ্ধার করতে এগিয়ে এলে নিরব ও তার সঙ্গীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪০), খলিল (২৯) ও রাশেদ (২৩) নামে তিনজন আহত হন। পরে রুবেল মাঝির লোকজন নিরবকে আটক করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় নিরবের সঙ্গে থাকা অপর দুইজন পালিয়ে যায়।

সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, নিরবকে আটকে রাখার খবরে পুলিশ গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে মুহূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

  • খুন
  • নোয়াখালী
  • যুবক
  • #