ময়মনসিংহ মেডিকেলে হামে ১২ দিনে ১০৬ শিশু ভর্তি, মৃত্যু ৫

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে ৩ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ১২ দিনে হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১০৬ জন রোগী। এর মধ্যে মারা গেছে ৫ শিশু।

রোববার (২৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিন পরিদর্শন করে এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি এই জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগী। এছাড়াও আশপাশের জেলাগুলো থেকে হাম আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে। ঘটছে মৃত্যুর ঘটনাও।

ফলে ‘হাম’ ছোঁয়াচে রোগ হওয়ায় পরিস্থিতি সামলাতে গত ২৪ মার্চ গঠন করা হয়েছে মেডিকেল টিম, করা হয়েছে পৃথক কর্নার।
হাসপাতালের নতুন ভবনের ৬ তলার ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের তিন ইউনিটের তিনটি কক্ষে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার দেয়া হচ্ছে। ১০ শয্যা বিশিষ্ট কক্ষ গুলো ‘হাম কর্নার’ নামে মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে শিশুদের। তবে কক্ষগুলোতেও সংকুলান হচ্ছে না রোগী। যে কারণে রোগীরা মেঝেতে এবং বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের শিশু বিভাগের ৩০ নম্বর ওয়ার্ডে  ১০ শয্যাবিশিষ্ট কক্ষে প্রায় ১৫ থেকে ১৬ জন শিশু চিকিৎসা নিচ্ছেন। এক বিছানায় দুই রোগীর চিকিৎসা নিতে হচ্ছে। ধারণ ক্ষমতার বেশি রোগী থাকায় অন্য রোগীদের সঙ্গেই হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে।

হাসপাতালের হাম ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. গোলাম মওলা বলেন, হামের টিকা নিয়েছে এবং নেয়নি, এমন দুই ধরনের রোগীই আমরা পাচ্ছি। এখন পর্যন্ত কোনো রোগীকে আইসিইউতে পাঠানোর মতো পরিস্থিতি হয়নি। কয়েকমাস ধরে এক-দুজন রোগী পাওয়া গেলেও এ মাসেই বেশি রোগী পাওয়া যাচ্ছে। তিনটি পৃথক কর্নার করা হলেও সেখানে রোগী না ধরায় হাম আক্রান্ত রোগীদের শতভাগ আইসোলেশনে রাখা যাচ্ছে না। এছাড়া অন্য রোগীদেরও চাপ রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ৬৬ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে মোট ১০৬ হাম আক্রান্ত শিশু চিকিৎসা নিয়েছেন। এদের মাঝে ৫ শিশু মারা গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাম আক্রান্ত রোগী হঠাৎ করে বেড়েছে আগে এ ধরনের রোগী এত বেশি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, করোনা পরিস্থিতি ও ৫ আগস্ট পরবর্তী সময়ে স্বাস্থ্য সহকারীরাও আন্দোলনের কারণে টিকাদান সঠিকভাবে না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সারা দেশেই হামের প্রকোপ বেড়েছে। টিকা সঠিকভাবে হলে হাসপাতালে রোগী দেখা যেতো না।

ময়মনসিংহ জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সল আহমেদ এ বিষয়ে বলেন, হাম আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগে শিশুদের জন্য ডেডিকেটেড ফিবার ক্লিনিক চালুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে সব জায়গা থেকেই রোগী আসে।

  • ভর্তি
  • ময়মনসিংহ
  • মৃত্যু
  • মেডিকেল
  • শিশু
  • হাম
  • #