প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় মাসুম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে হামলায় গুরুতর আহত হন মাসুম মিয়া। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মাসুম মিয়া উপজেলার টাওরা পশ্চিমপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মাসুম মিয়া ও পার্শ্ববর্তী ভোলাবো এলাকার রাজু সৌদি আরবে ছিলেন। সেখানে মাসুমের কাছে রাজু টাকা পেত। কিছু দিন আগে প্রথমে রাজু ও পরে মাসুম মিয়া দেশে চলে আসেন। দেশে আসার পর পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এলাকায় সালিসি বৈঠকে মাসুমকে ৮ হাজার টাকা ঈদের ২ সপ্তাহ পর রাজুকে দিয়ে দিতে বলেন।
পরে এ ঘটনাকে কেন্দ্র করে মাসুম মিয়া মোটরসাইকেলযোগে পাচদোনা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় টাওরা মধ্য পাড়া সড়কে রাজুসহ তার সহযোগী ইমরান ও উজ্জলসহ কয়েকজন এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে মাসুমকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেন।
সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে মারা যান।
এদিকে মাসুমের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজনেরা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নানতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানিয়েছেন।