চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকার হযরত শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরশ উপলক্ষে মেলাস্থলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েকজন জুয়ারির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
দুই পক্ষের সংঘর্ষ চলাকালে অজ্ঞাত এক ব্যক্তির দেশীয় অস্ত্রের আঘাতে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এতে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে নিয়োজিত রয়েছেন।