কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার (১ এপ্রিল) ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, ময়নামতি ও মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ছয়জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহত ১০ জনের নাম পরিচয় জানাতে পারলেও বাকিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন দাউদকান্দির উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) ও মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশাচালক। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. জহিরুল ইসলাম (মইন) (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫), চান্দিনা পৌরসভার রাড়িরচরের বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম (১৪)।

অন্যদিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা যান নেয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে ওমর ফারুক (৩৯)

হতরা হলেনদাউদকান্দির নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)। তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বুধবার ভোরে সিএনজিচালিত একটি অটোরিকশায় চালকসহ ছয়জন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফিরছিলেন। এসময় দাউদকান্দির কানড়া এলাকার মহাসড়কে তাদের বহনকারী অটোরিকশাটি উল্টো অজ্ঞাত গাড়ি বারেক ও মোস্তফা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনা আহত হন আরো চারজন। তাদের ঢাকাসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আব্দুল মমিন জানান, ভোর পৌনে ৪টার দিকে কুমিল্লার নিমসার বাজার সংলগ্ন ঢাকা মুখী লেনের ইউটার্ন এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের চালক জহিরুল ইসলাম (মইন) ও সোহেল রানা মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো একজন। খবর পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) রুহুল আমিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় চট্টগ্রাম মুখী লেনে মহাসড়ক পারাপারের সময় লরিচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম। সে চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সাহাব উদ্দিন জানান, মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় ভোর পৌনে ৫টার দিকে ঢাকামুখী লেনে বিকল হয়ে পাড়া একটি কাভার্ড ভ্যানের পেছনে আপর একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিকল হওয়া কাভার্ড ভ্যানের চালক ওমর ফারুক মারা যান। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কাভার্ডভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

  • কুমিল্লা
  • দুর্ঘটনা
  • নিহত
  • সড়ক
  • #