সন্তানের লাশ বিছানায়, ফ্যানের সঙ্গে ঝুলছিল মা!

:
প্রকাশ: ৭ ঘন্টা আগে
প্রতীকী ছবি

পাবনার আটঘরিয়ায় ৪ বছরের সন্তানকে হত্যার পর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা মুক্তা খাতুন (২৫)। বুধবার শিশুর লাশ এবং তার মাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার ভোর রাতের দিকে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাবনার আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু তাওহিদ (৪) ওই গ্রামের প্রবাসী টুটুল ইসলামের ছেলে। টুটুল ইসলাম প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে ‘হৃদয়’ নামে এক যুবকের সঙ্গে প্রবাসীর স্ত্রী মুক্তা খাতুনের পরকীয়া চলছে। ইতোপূর্বে মায়ের পরকীয়া ও মোবাইলে একসঙ্গে ছবি তোলার কথা শিশু তওহীদ জানতে পেরে বাড়িতে স্বজনদের বলে দিয়েছিল। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। এর জেরে মা মুক্তা খাতুন ঘরের ভেতরে বালিশ চাপা দিয়ে নিজের শিশু সন্তানকে হত্যা করেন। পরে তিনি ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেরে দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • আটঘরিয়া
  • পাবনা
  • লাশ
  • সন্তান
  • #