চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় এই ঘটনা ঘটে। শিশু দুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন।

নিহত শিশুরা হল উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের কন্যা বকেয়া মনি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের কন্যা হুজাইফা জান্নাত (৫)। সম্পর্কে ওরা মামাতো-ফুফাতো বোন।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, কয়েকদিন আগে শিশু বকেয়া মনি নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফা জান্নাতসহ আরও কয়েকজন মিলে পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় শিশু দুটি পুকুরের গভীর অংশে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • চকরিয়া
  • পুকুর
  • মৃত্যু
  • শিশু
  • #