দেবিদ্বারে কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ, এলোপাতাড়ি মারধরে বৃদ্ধ নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারধরে জুলুস মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। বুধবার (১ এপ্রিল) মাগরিবের পর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব নারায়নপুর গ্রামের মধ্যপাড়ায় আশরাবের বাড়ির সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একই গ্রামের সিদ্দিকের ছেলে কামাল (৩৫) দোকা‌নের সাম‌নে থাকা একটি কুকুরকে লাথি দিলে জুলুস মিয়া এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে কামালের ভাই আনোয়ার (২৮), আলী আহম্মদ (৩০) এবং চাচাতো ভাই ফখরুল মিলে জুলুস মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় কামাল জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে ইব্রাহিম (১৪) কান্নাজড়িত বলেন, আমার বাবাকে যারা এভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • দেবিদ্বার
  • নিহত
  • বৃদ্ধ
  • মারধর
  • #