টাইব্রেকারে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয় বাংলাদেশের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। ভারতকে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের যুবারা। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতকে উভয়পাশ থেকে চাপে রাখে বাংলাদেশ। তৈরি হয় একের পর গোলের সুযোগ। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবার মতো ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অ-১৮, ২০২২ সালে অ-২০ এবং গতবছর অ-১৯ ক্যাটাগরিতে মুখোমুখি হয় দু’দল। তিনবারই ফাইনালে শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের।

তবে এবার আর তেমন কিছু হলো না। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ফাইনালের বিরতির বাঁশি বাজে। মাঠে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদলই। তবে নির্ধারিত সময়ের মধ্যে জালের দেখা পায়নি কেউই। ফলে ম্যাচ গড়ায় রুদ্ধশ্বাস টাইব্রেকারে।

বাংলাদেশের হয়ে প্রথম তিন শটে জালের দেখা পান মুর্শেদ আলী, চন্দন রায় ও আব্দুল রিয়াদ ফাহিম। গোল মিস করেন চতুর্থ শট নিতে আসা স্যামুয়েল রাকসাম। শট নেয়ার আগে ভারত গোলকিপার সুরজ সিং ব্যথায় মাটিতে শুয়ে পড়েন। তিনি চিকিৎসা নিয়ে কিছুক্ষণ পর ফিরলে রাকসামের শট গিয়ে লাগে ক্রসবারে। আগের একটি পেনাল্টি মিস করায় তখন ৩-৩ সমতায় ফেরে ভারত। দলের হয়ে শেষ শটটি নিতে আসা ওমং দোদুম মারেন বাইরে।

লাল-সবুজের ছেলেদের শেষ শট নিতে আসা রোনান সুলিভান হতাশ করেননি। নিখুঁত পানেককা শটে বাংলাদেশকে শিরোপা উল্লাসে ভাসান তিনি।

 

  • বাংলাদেশ
  • ভারত
  • সাফ অনূর্ধ্ব-২০
  • #