জ্বালানিসংকট সমাধানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরো বেশি ডিজেল আনা যায় কি না সে বিষয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সাক্ষাতে তেল আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে যদি পজিটিভ সম্পর্ক থাকে, তাহলে অনেক কিছুর সমাধান হবে।’
এদিকে সাক্ষাৎ শেষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার থেকে এক বার্তায় জানানো হয়, হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দুই দেশের জাতীয় উন্নয়ন-সংক্রান্ত অগ্রাধিকারসমূহের সঙ্গে সঙ্গতি বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন।
হাইকমিশনার একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পারিক কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায় ব্যক্ত করেন।