সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিমা ডাইং এর পেছনের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৭-৮ জনের একটি ডাকাতদল বাসায় ঢুকে স্বামী-স্ত্রীসহ পরিবারের সবাইকে একটি রুমে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ঘরের অন্যান্য জিনিসপত্রসহ পৌণে এক কোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের ।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টায় জালকুড়ি সিমা ডাইং এলাকার গোলাম মোর্তুজার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
জানা যায়, জালকুড়ি সিমা ডাইং এলাকার মনজেল মোর্শেদ এর বাড়ির পেছনের বারান্দার গ্রিল কেটে ৭-৮ জনের ডাকাতদল ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর মনজেল মোর্শেদসহ তার স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে একটি রুমে সবাইকে আটকে রাখে এবং জানায় তারা ডাকাত। পরে অস্ত্র দেখিয়ে বাড়ির চাবি নেয় ডাকাতরা। প্রায় বিশ মিনিট তারা সেখানে অবস্থান করে। এসময় তারা ঘরের স্বর্ণালঙ্কারসহ নানা জিনিসপত্র লুটতরাজ করে নিয়ে যায়।
বাড়ির মালিকের ছেলে মায়েজ ইবনে মোর্শেদ বলেন, ‘নগদ আড়াই লক্ষ টাকা, ৩২ ভরি স্বর্ণালঙ্কার, যার মূল্য ৭৫ লাখ টাকা, ৩টি ঘড়ি, দামি শাড়ি, জুতা, জামা-কাপড় নিয়ে যায় বলে ভুক্তভোগী আমাদের জানিয়েছেন।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত করে দেখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’