জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) হস্তক্ষেপে অবসান হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল অধ্যায়ের। গত নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ মঙ্গলবার ভেঙে দিয়েছে এনএসসি। একই সঙ্গে বোর্ডের হাল ধরতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
পর্ষদ ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পরই বিসিবি কার্যালয় ত্যাগ করেন বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব হারানোর পর তার প্রতিক্রিয়া জানতে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা কথা বলার চেষ্টা করলেও তিনি রাজি হননি। সাংবাদিকদের এড়িয়ে অনেকটা তাড়াহুড়ো করেই গাড়িতে উঠে বিসিবি প্রাঙ্গণ ছাড়েন তিনি।
এনএসসির ঘোষণা অনুযায়ী, তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন এই অ্যাডহক কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে। কমিটির দস্যরা হলেন মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজীল চৌধুরী, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রুশনা ইমাম।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রক্রিয়াগত দুর্বলতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো, ভোটার তালিকা প্রকাশে অসঙ্গতি এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে ওই প্রতিবেদনে।