হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ২১ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৩৮ জনের। বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি হতে প্রাপ্ত তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৯ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাম সন্দেহে আরও ১ হাজার ২৪৮ জন রোগী শনাক্ত হয়। একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাম সন্দেহে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে; যার মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৬ জন।
এদিকে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ২১ জন শিশুর। এছাড়া হাম সন্দেহে এ সময়ে দেশব্যাপী ১৩৮ জন শিশুর মৃত্যু হয়। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয় ১৫৯৯ জন এবং হাম সন্দেহে ১১ হাজার ১৩৩ জন রোগী শনাক্ত হয়। হামে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ঢাকা বিভাগে ৯৯১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ যা প্রধানত শিশুদের আক্রান্ত করে। রোগটির প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, কাশি ও চোখ লাল হওয়া। পরে সারা শরীরে লাল রঙের ফুসকুড়ি দেখা দেয়। এ রোগ থেকে রক্ষায় নিয়মিত টিকাদান অত্যন্ত জরুরি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।