মোহনপুরে ভ্যানচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলম (৪৪) নামে এক ভ্যানচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মজিবর রহমান (৫৫) নামের এক যাত্রীর বিরুদ্ধে। নিহত উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আশরাফ আরভ।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনার পরে স্থানীয়রা মজিবর রহমান নামের এক যাত্রীকে আটক করে গণপিটুনি দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের হস্তক্ষেপে সেটি ভেস্তে যায়। এসময় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। যাত্রী মজিবর চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এসময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী মজিবরকে পাঠক ক্লাবে আটকে রাখে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মজিবরকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করে। পরে মোহনপুর থানা পুলিশের কৌশলে মজিবরকে আটক করে।

তবে জনতার রোষানলে পড়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

মোহনপুর থানা দায়িত্বরত এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। আটক মজিবরের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।

  • অভিযোগ
  • ভ্যানচালক
  • মোহনপুর
  • হত্যা
  • #