এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটির আত্মপ্রকাশ ও ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়।

এতে ঢাকা জেলা উত্তরের কমিটির একটি অংশের নেতা-সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে। হামলাকারীরা জুলাইকে পুঁজি করে ব্যবসা করে আসছিলেন, কমিটিতে পদ না পেয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।

এনিসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই ক্ষোভ থেকে তারা এই ঘটনা ঘটিয়েছে। জুলাই ব্যবসায়ীদেরকে এনসিপি কোনভাবেই সমর্থন করে না।

অপরপক্ষ ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের অভিযোগ, কালামপুরের এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এনিসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদের কাছে এ বিষয়ে জানতে চাইতে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে সে অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • আহত
  • এনসিপি
  • সংঘংর্ষ
  • #