ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুজন শেখকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শুক্রবার বিকেল ৪টার দিকে র্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের সহযোগিতায় রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সন্ধ্যায় র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত ২ এপ্রিল সকালে সুজন শেখ ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে উপজেলা অফিসে নেওয়ার কথা বলে তার বাড়ি থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ৮ এপ্রিল ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-১০-এর সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১০-এর ফরিদপুর ও লালবাগ ক্যাম্পের যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।