দক্ষিণ আফ্রিকায় গুলিতে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সোহান (২১) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জোহানেসবার্গ শহরের নিকটবর্তী কতলেহং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোহান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহান জোহানেসবার্গের একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় লোডশেডিং চলাকালে একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে দোকানমালিকের পূর্ববিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। পরে শুক্রবার সকালে সোহানের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একমাত্র ছেলেকে হারিয়ে বাগরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। স্বজনরা দ্রুততম সময়ের মধ্যে সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলছে।

  • গুলি
  • ঠাকুরগাঁও
  • দক্ষিণ আফ্রিকা
  • নিহত
  • যুবক
  • #