প্রতীকী ছবি
জয়পুরহাটের ক্ষেতলালে এক নারীকে হত্যা করে ধানখেতে লাশ পুঁতে রাখার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকায় ধানখেতে লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী উধাও হয়ে যান। পরে আজ সকালে পুলিশ তাকে আটক করে।
নিহত নারীর নাম আশুরা বেগম (৪৫)। তিনি বিলেরঘাটের সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা। পুলিশের ধারণা, ওই নারীকে হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, প্রথম স্বামীর সঙ্গে আশুরা বেগমের ছাড়াছাড়ি হয়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর তিনি বাবলু নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। স্বামীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল।
ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তার স্বামীকে আটক করা হয়েছে।