ইরানের সঙ্গে পূর্বঘোষিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ ছাড়া মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে তার সঙ্গে রয়েছেন উইটকফ ও জ্যারেড কুশনার। এর আগে গতকাল ইসলামাবাদ সফরে ইরানের প্রতিনিধি দলে রয়েছেন মোট ৭১ জন সদস্য।
পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘আজ শনিবার (স্থানীয় সময়) সকালে আলোচনার প্রথম দফা শুরু হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সমন্বিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এছাড়া শীর্ষ নেতারা নিহত হন। দেশটির সামরিক ও বেসামরিক বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: সিএনএন ও আল-জাজিরা।

এর আগে গতকাল ইসলামাবাদ সফরে ইরানের প্রতিনিধি দলে রয়েছেন মোট ৭১ জন সদস্য। তাসনিম নিউজকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে অনলাইন আল জাজিরা। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের আলি আকবর আহমাদিয়ান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী কাজেম গারিবাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই।