কুমিল্লায় মাদ্রাসার দেয়াল ভাঙার সময় ধসে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

কুমিল্লায় একটি মাদ্রাসার পুরোনো দেয়াল ভাঙার সময় হঠাৎ ধসে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর কাশিফুল উলুম কওমি মাদ্রাসায় এ দুর্ঘটনার তথ্য দিয়ে পুলিশ বলেছে, মাদ্রাসার দু্ই পরিচালক ও শিক্ষক পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

নিহত শিক্ষার্থী ১২ বছর বয়সি সিফাত রহমান দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের মাসুম রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম বলেন, আনিছুর রহমান ও আবদুল আজীজ দুই ভাই মাদ্রাসাটি পরিচালনা করেন। এদিন সন্ধ্যায় তারা শিক্ষার্থীদের দিয়ে মাদ্রাসার ভেতরে পুরাতন একটি দেয়াল ভাঙার কাজ করাচ্ছিলেন।

এক পর্যায়ে দেয়ালের একটি বড় অংশে কাজ করতে থাকা শিশু সিফাতের ওপর ধসে পড়ে। এ সময় অন্য শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা গিয়ে সিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মিস্ত্রিদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও কাজ করছিল। এক পর্যায়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর মাদ্রাসাটিতে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই মাদ্রাসার দুই পরিচালক ও শিক্ষক আবদুল আজীজ ও আনিছুর রহমান পালিয়ে যাওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, নিহত শিশুটির স্বজনরা মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • কুমিল্লা
  • দেয়াল
  • মাদ্রাসা
  • মৃত্যু
  • #