পরিত্যক্ত পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে নাসিমা খাতুন (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নাসিমা খাতুন উপজেলার সাবদারপুর গ্রামের মৃত নাজমুল ইসলামের মেয়ে। স্থানীয়ভাবে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের মা নাজমা খাতুন জানান, গতকাল বুধবার সকাল ৯টার দিকে নাসিমা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার সকালে পুকুরে মরদেহ পাওয়ার খবর পান তারা।

তিনি আরও জানান, জন্মের পর থেকে নাসিমা তার নানার বাড়ি কোটচাঁদপুরের সলেমানপুর থাকত। এরপর তার মা বিয়ে করার পর, তাদের সঙ্গে যশোরের নওয়াপাড়ায় থাকত কিছু ধরে।

স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল মায়ের কাছে ফোন চাইলে না পেয়ে সে বাড়ি থেকে বের হয়ে যায়।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ বলেন, সকালে পুকুরে মরদেহ ভাসমান অবস্থায় পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। শুরুতে পরিচয় শনাক্ত না হওয়ায় পিবিআইকে জানানো হয়। পরে পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন, তাই এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

  • কিশোরী
  • কোটচাঁদপুর
  • ঝিনাইদহ
  • পুকুর
  • মরদেহ
  • #