ইছামতী নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতী নদী থেকে তিন দিনের ব্যবধানে আরো একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত সোমবার রাত ৯টার দিকে একই স্থান থেকে আরেক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে একই স্থান থেকে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে দুর্গন্ধ পেয়ে সেখানে জড়ো হন। পরে তারা পানিতে নেমে কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও বিজিবিকে খবর দেন।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহটি পচে ফুলে গেছে, ধারণা করা হচ্ছে এটি তিন থেকে চার দিন আগের। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে, সেটির সঙ্গে মরদেহের পরিচয় মেলে কিনা তা যাচাই করা হচ্ছে। মরদেহটি সুরতহাল প্রতিবেদন শেষে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মরদেহটি বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদীতে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

 

  • ইছামতী
  • উদ্ধার
  • নদী
  • লাশ
  • #