প্রতীকী ছবি
কুমিল্লার হোমনায় অটোরিকশাযোগে বাবার বাড়ি যাওয়ার পথে দম্পতির গতি রোধ করে গৃহবধূকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, স্বামীর সঙ্গে তিনি হোমনা পৌর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গত বুধবার রাতে দুজন অটোরিকশাযোগে বাবার বাড়ি তিতাসে যাচ্ছিলেন। একপর্যায়ে হোমনা কৃষি কলেজ সংলগ্ন এলাকায় ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার সঙ্গে থাকা কয়েকজন তাদের পথরোধ করেন। এ সময় দম্পতিসহ অটোরিকশাটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখেন। অন্যরা তার স্বামী ও অটোরিকশার চালককে দূরে সরিয়ে নিয়ে যান। এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত ব্যক্তিরা ওই দম্পতিকে ছেড়ে দেয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আশিকুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তারা ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভুক্তভোগী নারী তার স্বামীসহ থানায় আসেন। তিনি জানান তাকে ধর্ষণ করা হয়েছে। পরে আমি ওই দম্পতিকে সঙ্গে নিয়ে অভিযানে যাই। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।