আসকের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক পদে যোগ দিয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী তাহমিনা রহমান। সংস্থাটির নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ১৫ এপ্রিল এ দায়িত্ব নিয়েছেন।

তাহমিনা রহমান মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ডিজিটাল অধিকার বিষয়ে তিন দশকেরও বেশি সময় ধরে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

এর আগে তিনি ২০১৯-২০ সময়ে আসকের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।পাশাপাশি সংস্থাটির বিভিন্ন নির্বাহী কমিটির সদস্য হিসেবেও যুক্ত ছিলেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল-১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এ সময় তিনি সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণ, নীতিনির্ধারণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তাহমিনা রহমানের নেতৃত্বে বাস্তবায়িত উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে তথ্যপ্রাপ্তির অধিকার জোরদার করা, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা ও সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি এবং অনলাইন মতপ্রকাশের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা। কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন।

মানবাধিকার খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে যুক্তরাজ্যের ‘এমবিই’ সম্মানে ভূষিত হন। এছাড়া ২০১৬ সালে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য ফ্রাঙ্কো-জার্মান প্রাইজ অর্জন করেন।

শিক্ষাজীবনে তাহমিনা রহমান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে গবেষণা ফেলোশিপ অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

আসক প্রত্যাশা করছে, তাহমিনা রহমানের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব সংস্থাটির মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালীকরণে নতুন গতি আনবে।

  • আসক
  • তাহমিনা রহমান
  • নির্বাহী পরিচালক
  • #