সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরো তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, দুদিন আগের একটি বিরোধ মীমাংসার জন্য শুক্রবার দুপুরে সালিসি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন হঠাৎ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের রক্ষা করতে গেলে হামলাকারীদের কিল-ঘুষিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শফিউল আলমকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, ‘দুপুরে এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।’

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

  • চট্টগ্রাম
  • নিহত
  • বৃদ্ধ
  • মিরসরাই
  • সালিশি
  • হামলা
  • #