বিশ্বের সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিয়েছে ইরান। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সের এক পোস্টে এ কথা জানিয়েছেন।
পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান যুদ্ধবিরতির সময় পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে। লেবাননে চলমান যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকে।
এদিকে, ইরানের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। তবে এই সময় বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে উভয় দেশের কূটনৈতিক সূত্রগুলো।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণাললি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান নৌপথ, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়।