পল্লবীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে একটি বাসায় ফিরোজা খানম জোসনা (৬৮) নামে এক শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে রক্তমাখা হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাটিয়েছে।

পুলিশ জানায়, পল্লবী থানাধীন ডি ব্লকের আট নম্বর সড়কের ২৯ নম্বর হোল্ডিংয়েরে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ফিরোজা একাই বাস করতেন। তরুণী অবস্থায় তার বিয়ে হলেও বেশিদিন টেকেনি। সেই থেকে তিনি আলাদা বাস করতেন। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। তিনি শিক্ষকতা করতেন। তার তিন কক্ষের ফ্ল্যাটের একটি কক্ষে তিনি থাকতেন, পাশের কক্ষটি রাজু মুন্সি নামে একজন ভাড়াটে রয়েছে। রাজু স্ত্রী ও সন্তান নিয়ে বাস করেন। আরেকটি কক্ষে ভাড়া দেওয়ার জন্য ‘টু-লেট’ টানানো বাড়ির গেটে। ফিরোজা প্রতিদিন সকালে বাসা থেকে বের হতেন শিক্ষার্থী পড়ানোর জন্য। মাঝেমধ্যে দুপুরে বাসায় যেতেন। তবে বেশিরভাগ সময় রাত ১০টার দিকে ফিরতেন।

বাড়িটির নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার সকালে ফিরোজা বের হয়ে রাত ১০টায় বাসায় ফেরেন। শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফিরোজা বাসা থেকে বের না হওয়ায় না তিনি খোঁজ নেওয়ার জন্য দোতলায় যান। দরজা খোলা পেয়ে স্থানীয় মহিউদ্দিন নামে একজনকে জানান। পরে তারা ঘরে গিয়ে ফিরোজাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। প্রথমে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক সরকার বলেন, লাশের পাশে একটি হাতুড়ি ও ওড়না পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হাতুড়ি দিয়ে ফিরোজাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মাথা থ্যাঁতলে গেছে।

  • পল্লবী
  • শিক্ষিকা
  • হত্যা
  • #